ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ছেলের ঋণের মামলায় কারাবন্দি বৃদ্ধ কয়েদি বাবার মৃত্যু

ছেলের ঋণের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে যাওয়ার একদিন পর নুরুল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নুরুল ইসলাম শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।


নুরুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ছেলে আরিফুল ইসলাম ঋণ নিয়েছিলেন। ওই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম।


ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করেন। রবিবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন বলেন, রবিবার (১৩ আগস্ট) অর্থঋণ আদালতের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑